বুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী চারজনকে অভিযুক্ত করে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ করেছেন।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্তরা হলেন, একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) এবং আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মেঘার পটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। গৃহবধূ জানিয়ে দেন, তিনি ভোটার নন এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

 

এতে ক্ষিপ্ত হয়ে হঠাৎ গৃহবধূর সঙ্গে আপত্তিকর আচরণ করেন শহিদুল। অন্যরা ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগপত্রে লেখা হয়।

 

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এ সময় গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন আসতে থাকলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে গৃহবধূকে তুলে নিয়ে নির্যাতন করা হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুনঃ