
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সারা দেশে গত ৫৩ দিনে সহিংসতা হয়েছে ২৭৪টি। গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব সহিংসতা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে, ২৭৪টি সহিংসতার ঘটনায় ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর আক্রমণ ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ৮৯টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কার্যে বাধা প্ৰদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ ১টি এবং অন্যান্য ৭০টি।
প্রেস উইংয়ের দেওয়া তথ্যানুযায়ী, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটেছে। যার মধ্যে ১১৫ নিহত ও ৩১৫ জন আহত হন। আর একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় ২২ নিহত ও ৭৮০ জন আহত হয়েছেন।
এছাড়া ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৫৩৪টি সহিংসতার ঘটনায় ৬ নিহত ও ৪৬০ জন আহত হন।