ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আচরণবিধি যেন লঙ্ঘন না হয়; সে জন্য তারা মাঠপর্যায়ে দায়িত্বপালন করবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন তারা।
এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে ৭ ফেব্রুয়ারি তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন। দায়িত্ব পালনের আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী এসব ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ এলাকায় তাদের দায়িত্ব বণ্টন ও কাজের এলাকা নির্ধারণ করবেন। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।