সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ: জামায়াত আমির

জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ পাবে জনগণ।

 

তিনি বলেন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এর আগে, দুপুর ১টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান। তার আগে কক্সবাজারের মহেশখালীতে জনসভায় বক্তব্য দেন তিনি।

 

ডা. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হোক; এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।

 

তিনি বলেন, ১২ তারিখ আমরা ‘হ্যাঁ’ ভোট দেব এবং জনগণকে ’হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে। কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ কাজে লাগাতে পারলে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে।

 

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।

 

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

 

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. সিগবাতুল্লাহ সিবগাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মো. পারভেজ।

শেয়ার করুনঃ