
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় নিয়ন্ত্রণমুক্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপে লণ্ডভণ্ড হয়ে পড়েছে। যার খেসারত এই দেশের জনগণকে দিতে হচ্ছে। এমন অবস্থা ভবিষ্যতে আর চলতে দেওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন,‘আমরা যদি দেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেবা করার সুযোগ পাই, তাহলে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকব। এ অবস্থান একেবারেই স্পষ্ট—এখানে কোনো অস্পষ্টতা নেই। দেশ ও জাতির স্বার্থে এর কোনো বিকল্প নেই। নইলে আমাদের সমাজকে ঘুণে ধরা অবস্থা থেকে মুক্ত করা সম্ভব নয়।’