
চলতি বছরের শুরু থেকেই চরম অস্থিরতা বিরাজ করছে স্বর্ণের বাজারে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে দেশের বাজারের নতুন দাম ১২ ঘণ্টাও টিকছে না। গত রাতে একবার দাম নির্ধারণের পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ভাগে দাম পরিবর্তন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আবার পাঁচ ঘণ্টার ব্যবধানে বিকেলেই স্বর্ণের দাম কমায় সংগঠনটি।
এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে এক লাফে ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম কার্যকর করে। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আবারও দাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিকেলে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ধার্য করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।
স্বর্ণের দাম কমানোর সঙ্গে সঙ্গে এবার দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।