
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ধাওয়া করেছে ইরানের বেশ কয়েকটি গানবোট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক এ বিষয়টি জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ অচলাবস্থার মধ্যে এ ঘটনাটি ঘটেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, দু’দেশের মধ্যে আলোচনার মাত্র কয়েকদিন আগে ইরানের গানবোট মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দেয়।
এ সময় ওই জাহাজটিতে সেনা পাঠানোর হুমকি দেয় ইরানি সেনারা। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হস্তক্ষেপে ওই ট্যাংকারটি এ যাত্রায় রেহাই পায় ।
মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, ওমানের উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানি বিপ্লবী গার্ড কর্পসের অন্তর্গত তিন জোড়া ছোট সশস্ত্র গানবোট ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামের ওই জাহাজের দিকে এগিয়ে আসে।
গানবোটগুলো রেডিওর মাধ্যমে ট্যাংকারটিকে স্বাগত জানায়, ক্যাপ্টেনকে ‘ইঞ্জিন বন্ধ করে জাহাজে ওঠার জন্য প্রস্তুত হতে” নির্দেশ দেয়। কিন্তু ওই সময় মার্কিন জাহাজটি গতি বাড়িয়ে দেয় এবং ইরানি গানবোটগুলো তাদের ধাওয়া করে। তবে মার্কিন পতাকাবাহী ট্যাংকার (জাহাজ) স্টেনা ইম্পেরেটিভ কখনও ইরানের জলসীমায় প্রবেশ করেনি বলে দাবি করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইরানি বিপ্লবী গার্ড কর্পসের গানবোট ও মোহাজের ড্রোন উচ্চ গতিতে যুক্তরাষ্ট্রের জাহাজটিকে ধাওয়া করেছে। এ সময় ইরানের সেনারা ট্যাংকারটিতে অভিযান চালিয়ে তা আটকের হুমকিও দিয়েছে।